গোয়ালন্দে অপহূত স্কুলছাত্র উদ্ধার অপহরণকারী আটক

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দে স্কুলছাত্র বাদল শেখ (১৩)-কে অপহরণের সাত দিন পর বুধবার উদ্ধার করেছে পুলিশ। বাদল গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আদু মাতুব্বার পাড়া গ্রামের অহেদ আলী শেখের ছেলে ও দৌলতদিয়া আক্কাছ আলী হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। এ সময় পুলিশ নুরুল ইসলাম হাওলাদার ওরফে আবু বক্কর সিদ্দিক নামের এক অপহরণকারীকে আটক করে। নুরুল বরিশালের মুলাদী উপজেলার কাজীর চর গ্রামের মকবুল হাওলাদারের ছেলে। অপহূত স্কুলছাত্রের পরিবার ও থানা পুলিশসূত্র জানায়, বছরখানেক আগে বাদলের খালা চায়না বেগমকে বিয়ে করেন আবু বক্কর। বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ও নেশাগ্রস্ত হওয়ায় বিয়ের কিছুদিন পরই তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এ পরিস্থিতিতে আবু বক্কর প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে। গত ১৭ জানুয়ারি দৌলতদিয়ায় বাদলকে একা পেয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। শিশু বাদলকে আটকে রেখে তার বাবাকে ফোন করে এক লাখ টাকা দাবি করে সে। এর মধ্যে বাদলের সঙ্গে কথা বলতে দিয়ে আবু বক্কর বাদলের বাবার কাছ থেকে ২ হাজার টাকা আদায় করে।

এদিকে অপহরণের দুইদিন পর ১৯ জানুয়ারি বাদলের বাবা অহেদ আলী শেখ গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ অপহরণকারী আবু বক্কর সিদ্দিকের অবস্থান নিশ্চিত করে। এরপর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মুলাদী থানা পুলিশের সহায়তায় বুধবার সকালে মুলাদি লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী আবু বক্কর সিদ্দিককে আটক ও অপহূত শিশু বাদলকে উদ্ধার করে। আবু বক্করের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।