দুটি তদন্ত কমিটি গঠন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে আসামি ধরতে গিয়ে না পেয়ে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর নির্যাতন, বাড়ির আসবাবপত্র ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুটের অভিযোগে লস্কর লাজুল ইসলাম ওরফে জিয়া নামের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জিয়া মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার দুপুরে বাকের হোসেনের স্ত্রী মারিয়া খাতুন বাদী হয়ে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ২য় আদালতে এসআই জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক।
অপরদিকে, মেহেরপুর পুলিশ সুপার এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে অভিযুক্ত এসআই লস্কর লাজুল ইসলাম জিয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, বাড়িতে একটি অনটেস্ট মোটরসাইকেল ছিল সেটি নিয়ে এসেছি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ প্রশাসনের তদন্ত কমিটির প্রধান শেখ জাহিদুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।