বাঘা (রাজশাহী) সংবাদদাতা
একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে রাজশাহীর বাঘায় শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিক থেকে ক্ষমতাসীন দল আ’লীগের একাধিক প্রার্থী ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপ শুরু করেছেন। তবে রাজনৈতিক নানা দূরদর্শিতা, দলীয় নেতা-কর্মীদের দাপট ও সততার কারণে এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছেন দলের উপজেলা সাধারণ সম্পাদক ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে দেশের বড় দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন। তবে এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে আ’লীগ থেকে সংসদ নির্বাচনে মনোনয়নবঞ্চিত প্রার্থী ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলী এবং দলের সংগ্রামী উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও গত উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী আজিজুল আলম অন্যতম।
এর মধ্যে আক্কাস আলী নানা বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয়ভাবে এবার সম্ভাব্য প্রার্থীর তালিকায় ১৯৮৬ সালে বিএনপি কর্তৃক নির্যাতিত আশরাফুল ইসলাম প্রায় চূড়ান্ত বলে মন্তব্য করেছেন দলের ত্যাগী নেতাসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
পক্ষান্তরে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে বাঘার সাবেক মেয়র আক্কাছ আলী বলেন, বাঘা পৌরসভায় দীর্ঘদিন মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছি। এবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আশাকরি দল আমাকে মনোনয়ন দিবে।