মনিরামপুর (যশোর) সংবাদদাতা
মনিরামপুরে পুরোদমে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় এবার প্রার্থীরা জোরেসোরে প্রচার ও গণযোগাযোগে নেমেছেন। আওয়ামী লীগ থেকে এবার দলীয় মনোনয়ন চাইবেন উপজেলা থেকে পাঁচজন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থী। এমনটিই শোনা যাচ্ছে। এদিকে একাদশ জাতীয় নির্বাচনের পর থেকে বিএনপি ও জাতীয় পার্টির কোনো প্রার্থীকে সক্রিয়ভাবে মাঠে দেখা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ বেশ সরব রয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন মনিরামপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমজাদ হোসেন লাভলু, বর্তমান মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজ সেবক মো. ফারুক হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএম নজরুল ইসলাম এবং আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান। এছাড়া উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানমও দলীয় মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে বিএনপির কোনো নেতা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা তা এখনো জানা যায়নি। তবে বিএনপি এবং জামায়াতের কোনো প্রার্থীর প্রচার-প্রচারণা নেই।