পরিচ্ছন্ন কর্মীদের মাঝে কম্বল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্ন কর্মী ও গুড়িপাড়ার হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। দুপুরে সাধারণ পাঠাগার চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও আইডিইবি’র সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র, মোহাম্মদ নজরুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুছ ছামাদ মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি’র সহ-সভাপতি মাহবুবুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক সত্যজিত রায়সহ সংগঠনের নেতৃবৃন্দ।
চিলমারীতে শিশুদের মাঝে হুইলচেয়ার ও ডিভাইস বিতরণ
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা চিলমারী উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মাঝে গতকাল বুধবার সরকারিভাবে হুইলচেয়ার ও ডিভাইস বিতরণ করা হয়েছে। এ সময় ৩টি হুইলচেয়ার ও ৭টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ নজরুল ইসলাম ও চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু প্রমুখ।
মধুখালীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে ২৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। সে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার দস্তগ্রামের আশরাফুল ভুঁইয়ার ছেলে রফিকুল ইসলাম। গত মঙ্গলবার রাত দেড়টায় মধুখালী থানার এস আই মো. খালিদ মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত তল্লাসির অংশ হিসেবে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী দর্শনা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনে তল্লাসি করে তোশকের ভিতর লুকিয়ে রাখা ২৪ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলামকে আটক করে মধুখালী থানার পুলিশ। এ ব্যাপারে রফিকুলের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
রংপুরে ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রংপুর অফিস জাতীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট রংপুর জেলার উদ্যোগে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রংপুর প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়। সংগঠনের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সদস্য আহসানুর আরেফিন তিতু, সংগঠনের জেলা সাধারণ সম্পাদক আবু রায়হান বকসি, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও জেলা সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।
আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আবদুল্লাহ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা আগৈলঝাড়ায় শহীদ সুকান্ত আবদুল্লাহ’র স্মরণে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বন্ধু মহলের আয়োজনে বুধবার বিকালে উপজেলা সদরের সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে শহীদ সুকান্ত আবদুল্লাহ’র স্মরণে টেপ-টেনিস শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। ১৬ দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম সকুল, উজ্জল লাহেড়ী, যুবলীগ নেতা সোহরাব হোসেন, ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতা।
দেবীগঞ্জে স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান লুত্ফুন নাহার লাকী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ,স,ম, নুরজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, সহকারী শিক্ষক উদয় কুমার দাস, শিক্ষক তহিদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক হাসিনা বানু । সভা শেষে বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
আগৈলঝাড়ায় জাতির পিতার শৈশবের বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের বিদ্যাপীঠ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে র্যালি শেষে বিদ্যালয় সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক সরদার, সাবেক শিক্ষার্থী ও ভাইস চেয়ারম্যান জসিম সরদার, উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্লা, প্রধান শিক্ষক জহিরুল হক, সাবেক প্রধান শিক্ষক সরদার শাহ আলম, স্বপন কুমার মণ্ডল, তারক চন্দ্র দে, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, সদস্য মো. ছরোয়ার দাড়িয়া প্রমুখ।
উল্লেখ্য, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারি প্রয়াত কৈলাশ চন্দ্র সেন ব্রিটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে তাঁর এলাকায় শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে আমৃত্যু শিক্ষকতায় অবদান রেখেছিলেন। এই বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বোনের বাড়িতে থেকে অষ্টম শ্রেণিতে খণ্ডকালীন অধ্যয়ন করেছিলন।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন-বরণ
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা গত মঙ্গলবার ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এইচ.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর জালাল উদ্দিন, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড.সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাব উদ্দিন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি শফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শিখনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চান্দাইকোনাস্থ উপজেলা বণিক সমবায় সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন-চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আহমেদ রঞ্জু। সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়ন দাবি করে বক্তব্য রাখেন, চান্দাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম আব্দুল গণি সরকারের কনিষ্ঠ পুত্র রায়গঞ্জ উপজেলা যুবলীগ নেতা, চান্দাইকোনা অনার্স কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি মো. ফারুক আহমেদ সরকার শিখন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী বিশ্ব বরেন্য নেত্রী শেখ হাসিনার অব্যাহত ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের সম্প্রসারণে তিনি অন্যের তুলনায় অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এলাকায় বিশেষভাবে ভূমিকা পালন করতে পারবেন।
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার প্রধান শিক্ষক মো. ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিপিপি সুপ্রিয় হক, পরিচালনা পরিষদের সদস্য মো. জাকির হোসেন, এমএ বারী, সহ-প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক অনু, শিক্ষক আব্দুল হান্নান ও বিদায়ী শিক্ষার্থী শার্মিলা আক্তার সেজুতি প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাস মজিদপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ গত মঙ্গলবার বিকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সি মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া, ঢাকা দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম আরিফ ভুঁইয়া, তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোসা. আনোয়ারা চৌধুরী, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন নাহার পারভীন, প্রধান শিক্ষক রেজাউল হক প্রমুখ।
মাদারীপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ বিরাঙ্গল এলাকার ইতালি প্রবাসী মনির ফকিরের ব্যক্তিগত উদ্যোগে গতকাল বুধবার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ সদস্য তোতা হাওলাদার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এছাড়াও ইতালি প্রবাসী রহমান খান, শিকিম আলী মাতুব্বরসহ বিভিন্ন ব্যক্তি নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
০