চাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় চাকসু নির্বাচনের জন্য তারা চার দফা দাবি ঘোষণা করে। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত্ সিনেটে ছাত্র প্রতিনিধি থাকছে না চাকসু নির্বাচন না হওয়ার ফলে। যার ফলে ছাত্র রাজনীতি রূপ নিচ্ছে হল দখল, টেন্ডার বাণিজ্য ও অসুস্থধারায়। শিক্ষার্থীরা ঝুলে ঝুলে শাটলে যাতায়াত করছে।’ বক্তারা আরো বলেন, ‘আগামী জাতীয় নেতৃত্ব গড়ে তুলতে ও বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অনতিবিলম্বে চাকসু নির্বাচন দেওয়া জরুরি।’ শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌর চাঁদ ঠাকুরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাহবুবা জাহান রুমী, সৌরভ ধর প্রমুখ। মানববন্ধন শেষে চার দফা সম্বলিত একটি স্মারকলিপি চবি উপাচার্য বরাবর পেশ করেন তারা          —ইত্তেফাক