শরীয়তপুর প্রতিনিধি
পদ্মা সেতুতে বসেছে আরেকটি স্প্যান। গতকাল বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ষষ্ঠ স্প্যান বসানো হয়েছে। ১৫০ মিটার দৈর্ঘ্যের এই স্প্যান ভাসমান ক্রেন দিয়ে বসানো হয়। এই স্প্যান বসানোর ফলে পদ্মা সেতুর ৯০০ মিটার দৈর্ঘ্য একসঙ্গে দৃশ্যমান হয়েছে। সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, ষষ্ঠ স্প্যানটি জাজিরা প্রান্তে বসানো হয়েছে। এই ছয়টি স্প্যান মিলে একসঙ্গে দৃশ্যমান হয়েছে ৯০০ মিটার। তারা জানান, এর আগে সেতুর মাওয়া প্রান্তে ৪ ও ৫ নম্বর পিলারের ওপর একটি স্প্যান বসানো হয়। এটি আলাদাভাবে ১৫০ মিটার দীর্ঘ। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, মাওয়া প্রান্তে আরেকটি স্প্যান স্থাপনের কাজ চলছে। ওই স্প্যান ৩৬ ও ৩৫ পিলার দুটিতে বসানো হবে। এতে অল্প কিছুদিনের মধ্যেই কিলোমিটারে রূপ নেবে পদ্মা সেতু। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। গত বছরের ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হয়। সবশেষ ২৯ জুন সেতুর পঞ্চম স্প্যান বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায়। জাজিরা প্রান্তের তীরের দিকের এটিই শেষ স্প্যান। দ্বিতল পদ্মা সেতু হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার মধ্যে। মূল সেতুর দৈর্ঘ্য (পানির অংশের) ৬ দশমিক ১৫ কিলোমিটার।