চট্টগ্রাম অফিস
ঘোষণাবহির্ভূতভাবে পণ্য আমদানি করায় চট্টগ্রাম বন্দরে ২টি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। একটি চালানের মূল্য ৭৪ লাখ ৯৫ হাজার টাকা, অপরটির মূল্য ৭৫ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চালান দু’টির খালাস সাময়িক স্থগিত করে। জানা গেছে, ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ি সিড স্টোর এলাকার সুপ্তি সোয়েটার লিমিটেডের নামে আমদানি করা চালানগুলো খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের তাহের চেম্বারের সিএন্ডএফ এজেন্ট বিনিময় শিপিং লাইন্স। শুল্ক গোয়েন্দা অধিদপ্তর চালান দু’টির কায়িক পরীক্ষা সম্পন্ন করে।
কায়িক পরীক্ষাকালে ২৯ হাজার ৯৯৮ কেজি ১০০ শতাংশ পলি নিট ফ্লিচ ফেব্রিকের বদলে একই পরিমাণ লুপড পাইল ফেব্রিক পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য দাঁড়ায় ১ কোটি ৪৯ লাখ ৯৫ হাজার টাকা। জরিমানা ছাড়া শুল্ককর আসে ৭০ লাখ ৮৭ হাজার টাকা। চালান দু’টির শুল্ককরাদি আদায়সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের প্রতিবেদন চট্টগ্রাম কাস্টম কমিশনারের কাছে পাঠানো হয়েছে।