সদরপুরে ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করেন নিক্সন চৌধুরী এমপি

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের বাজারকান্দি থেকে শ্রিরামদি হাট সড়কের খালের উপর এলজিইডির বরাদ্দে প্রায় ১ কোটি ৬৬ হাজার টাকার আর সিসি ব্রিজ নির্মাণের কাজের উদ্বোধন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছমির বেপারীর সভাপতিত্বে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি ব্রিজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, আকটেরচর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী মনিরুল হক মুরাদ ও নিক্সন চৌধুরীর কর্মী সমর্থক বৃন্দ।

নিক্সন চৌধুরী উদ্বোধনী সভায় বলেন, গত নির্বাচনে আমাকে নির্বাচিত করে জনগণের প্রতিনিধি করেছেন, নির্বাচনের পূর্বেই এই ব্রিজ বরাদ্দ দিয়েছি। আগামী ৫ বছরে ফরিদপুর-৪ আসনের ৩টি উপজেলাকে আমি মডেল থানায় উন্নত করব। বিগত দিনের মতো আমার উন্নয়ন ও জনগণের মূল্যায়ন অব্যাহত থাকবে। দেশ ও জনগণের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারকে দেশবাসী পুনরায় ক্ষমতায় এনেছে।