চট্টগ্রামে মাদক ও চোরাচালান রোধে কঠোর হবে প্রশাসন

চট্টগ্রাম অফিস

মাদক ও চোরাচালান রোধে কঠোর থাকার ঘোষণা দিয়েছে চট্টগ্রামের প্রশাসন। এ লক্ষ্যে সড়ক, নৌপথ ও সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক ও অস্ত্রের চালান রোধে বিজিবি, কোস্টগার্ড, পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি পর্যাপ্ত চেকপোস্ট স্থাপনসহ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বৃদ্ধি করা হবে। একই সাথে সীমান্তবর্তী এলাকার মার্কেটগুলোতে বিদেশি পণ্য বাদ দিয়ে দেশীয় পণ্য বিক্রয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে পদক্ষেপ নেয়া হবে। গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম আঞ্চলিক টাস্কফোর্সের সভা, বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা, জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় সভা ও বিভাগীয় রাজস্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান।

তিনি বলেন, সরকার ভর্তুকি দিয়ে বিদেশ থেকে জ্বালানি তেল আমদানি করছে। পেট্রোল পাম্প থেকে ডিজেলসহ অন্যান্য জ্বালানি তেল যাতে পাচার না হয় সে বিষয়ে সীমান্তবর্তী জেলা প্রশাসকগণকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একই সাথে বিদ্যুতের অপব্যবহার, ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক বন্ধ করণের বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, মাদক রোধে পুলিশের পক্ষ থেকে থাকবে জিরো টলারেন্স। অস্ত্র উদ্ধার, চোরাচালান রোধ, জঙ্গি-সন্ত্রাসী ও চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম বলেন, অস্ত্র ও মাদক উদ্ধারসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। দুর্ঘটনা রোধ, যানজট নিরসনে ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রয়েছে।