শেয়ার কারসাজিতে পাঁচ কোটি টাকা জরিমানা

বিডি অটোকারস ও লিগ্যাসি নিয়ে বিএসইসির তদন্ত

ইত্তেফাক রিপোর্ট

প্রকৌশল খাতের বাংলাদেশ অটোকারস লিমিটেড ও ট্যানারি খাতের লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে অনিয়ম খুঁজে পেয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটির শেয়ারের মূল্যবৃদ্ধিতে জড়িতদের পাঁচ কোটি টাকার বেশি জরিমানা করেছে।

গত মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া, বাধ্যতামূলকভাবে স্পট মার্কেটে থাকা কোম্পানি দুটির ওপর থেকে বিনিয়োগকারীর স্বার্থে এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আগামী ২৩ জানুয়ারি থেকে মূল মার্কেটে শেয়ার লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে গত আগস্টে কোম্পানি দুটিকে বাধ্যতামূলকভাবে স্পট মার্কেট পাঠায় কমিশন। দ্বিতীয় দফায় এই সময় বাড়ানোও হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসইসি কম্পানি দুটির শেয়ারের মূল্যবৃদ্ধিতে তিন অ্যাসোসিয়েটস, এক ব্যক্তি ও একটি সিকিউরিটিজ হাউসের সম্পৃক্তরা পেয়েছে। প্রতিটি অ্যাসোসিয়েটসে একাধিক ব্যক্তি সম্পৃক্ত রয়েছে। সিকিউরিটিজ হাউস আইন পরিপালনে ব্যর্থ হওয়ায় সতর্কতা পত্র ইস্যু করা হয়েছে আর তিন অ্যাসোসিয়েটসকে পাঁচ কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আব্দুল কাউয়ুম অ্যান্ড অ্যাসোসিয়েটসের আব্দুল কাউয়ুম, মরিয়ম নেছা ও মেসার্স কাউয়ুম অ্যান্ড সন্স, মইনুল হক খান আন্ড অ্যাসোসিয়েটসের পদ্মা গ্লাস লিমিটেড, পদ্মা জোন্স অ্যান্ড কলার্ম লিমিটেড ইউনিট-২ ও রহমত মেটাল ইন্ডাস্ট্রি, মাহফুজ আলম, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও আজিমুল ইসলাম অ্যাসোসিয়েটসের আজিমুল ইসলাম, লুত্ফুন নেছা ইসলাম, নাবিলা ইসলাম, আজিজুল ইসলাম, আলিফ টেক্সটাইলস মিলস ও বায়তুল খামুর কোম্পানি দুটি শেয়ার লেনদেনে অনিয়ম ও সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছেন।

কমিশন বলছে, আব্দুল কাউয়ুম অ্যান্ড অ্যাসোসিয়েটস বিডি অটোকারস ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার বৃদ্ধিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। মইনুল হক অ্যান্ড অ্যাসোসিয়েটস ও মাহফুহ আলম বিডি অটোকারের শেয়ারের মূল্যবৃদ্ধিতে সক্রিয় ছিলেন। আজিমুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটস বিডি অটোকার ও লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের মূল্যবৃদ্ধিতে সক্রিয় অংশগ্রহণ ও ১০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছে। কমার্স ব্যাংক সিকিউরিটিজ কোম্পানি দুটির শেয়ার লেনদেন তদারকি না করে প্রভাবকমূলক শেয়ার লেনদেন করে আইন ভঙ্গ করেছে।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আইন ভঙ্গ ও পরিপালনে ব্যর্থ হওয়ায় আব্দুল কাউয়ুম অ্যান্ড অ্যাসোসিয়েটসকে দুই কোটি টাকা, মইনুল হক খান অ্যান্ড অ্যাসোসিয়েটকে ১০ লাখ টাকা, মাহফুজ আলমকে এক কোটি টাকা ও আজিমুল ইসলাম অ্যান্ড অ্যাসোসিয়েটসকে দুই কোটি টাকা জরিমানা করা হয়েছে।