শেষ চারে ওসাকা
স্পোর্টস ডেস্ক
মার্গারেট কোর্টের রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটি ছুঁতে পারলেন না সেরেনা উইলিয়ামস। গতকাল অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তাকে হারিয়ে দেন ক্যারোলিনা প্লিসকোভা। তিনি অবশ্য এ হারের জন্য তার গোড়ালির ইনজুরিকে দায়ী না করে বরং প্রতিপক্ষকে কৃতিত্ব দিচ্ছেন।
সেরেনা রড লেভার অ্যারিনায় শেষ সেটে পাঁচ গেমে এগিয়ে ছিলেন। তারপরও ৬-৪ ৪-৬ ৭-৫ গেমে হেরে যান ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই আমেরিকান। তবে সপ্তম গেমের সময়ই তার গোড়ালির সমস্যা দেখা দেয়।
বর্তমানে ৩৭ বছর বয়সী সেরেনা অবশ্য বলেছেন তার হারের জন্য গোড়ালির সমস্যা দায়ী নয়। তিনি বলেন, ‘আমার গোড়ালি ভাল আছে বলেই মনে হচ্ছে। আগামী দিন ছাড়া আমি বুঝতে পারবো না। আমি মনে করি ম্যাচ পয়েন্ট বিচারে সে দুর্দান্ত খেলেছে। অবশ্যই আমি কিছু ভুল করেছিলাম। তবে সে এরপর সত্যি অনেক ভাল খেলেছে।’
প্লিসকোভা খেলার শেষ ছয়টি গেমই জিতে নেন। অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড় বলেন, ‘আমি আমার পাওয়া সুযোগগুলো নিয়েছি।’
এ নিয়ে তৃতীয়বার কোন গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন চেক খেলোয়াড়টি। জয়ের কারণ হিসেবে তিনি জানান কোর্টে উইলিয়ামসের দিকে কোন মনোযোগ দেয়ারই চেষ্টা করেননি। প্লিসকোভা বলেন, ‘অন্য প্রান্তে যাই ঘটুক, আমি শুধু তা ঠেকানোর চেষ্টা করি। এটা ইতিবাচক কিংবা নেতিবাচক যাই হোক না কেন। এটা স্রেফ আমার কাজ নয়। আমি জানি একবার আমি এ নিয়ে ভাবতে শুরু করলে ব্যাপারটা খারাপ হয়ে দাঁড়ায়।’
বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় প্লিসকোভা আজ বৃহস্পতিবার সেমিফাইনালে চতুর্থ বাছাই জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন। অপর সেমিফাইনালে অষ্টম বাছাই পেত্রা কেভিতোভার মোকাবেলা করবেন অবাছাই আমেরিকান ড্যানিয়েলে কলিন্সকে।
ওসাকার মতো প্লিসকোভাও এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল খেলতে যাচ্ছেন। ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ওসাকার এটি কেবল দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল। গতকাল তিনি এলিনা সভিতোলিনাকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে শেষ চারে যোগ দেন। আগ্রাসী খেলেই জয় তুলে নেন প্রতিযোগিতার চতুর্থ বাছাই ২১ বছরের ওসাকা।
আসন্ন লড়াই সম্পর্কে ওসাকা জানান সেপ্টেম্বরে ইউএস ওপেন জয় তাকে বড় ইভেন্টে সাফল্যের স্বাদ নেয়ার সুযোগ দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি কয়েক মাস আগে আমি কোন স্ল্যামের সেমিফাইনালে খেলার সুযোগ পেলেই বর্তে যেতাম। কিন্তু এখন অনুভূতি হলো আপনি পরের বড়টায় কিছু করতে চাইবেন। বিশেষ করে এখন একটা গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর আমার অনুভূতি হলো আমি আরো একটি জিততে চাই।’
ওসাকা সবশেষে বলেন, ‘আমি খুবই নিকটে চলে এসেছি এবং আমি স্রেফ সামনে এগিয়ে যাওয়াটা অব্যাহত রাখতে চাই।’