টেস্ট দলে ফিরলেন তামিম ও তাসকিন

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে সিরিজের দলটা ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের মিছিল যেন সময়টা বিষিয়ে তুলেছিল নির্বাচকদের জন্য। সাব্বির রহমানকে নিয়ে করা একের পর এক প্রশ্নে বিরক্ত হয়ে পড়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। প্রশ্নটা সৌম্য সরকারকে নিয়ে হলেও সাব্বিরের নাম তুলে শুরু করায় ওই সাংবাদিককে বারবার থামিয়ে দিতে দেখা গেছে প্রধান নির্বাচককে।

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডের পর টেস্ট সিরিজের দলটাও ঘোষণা করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। তবে টেস্ট দলটা নিয়ে আর কোনো প্রশ্নের জবাব না দিয়ে সংবাদ সম্মেলনের ইতি টেনেছেন তিনি।

ওয়ানডের মতো টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন তামিম ইকবাল ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। বাদ পড়েছেন সৌম্য সরকার ও আরিফুল হক। তবে দলটা শেষ পর্যন্ত ১৬ সদস্যের হবে। প্রধান নির্বাচক বলেছেন, আরও একজন পেস বোলার যুক্ত হবেন টেস্ট দলে। সেই পেসারের নামটি চূড়ান্ত হবে বিপিএল শেষ হওয়ার আগেই।

এশিয়া কাপে পাওয়া চোটের কারণে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলতে পারেননি তামিম। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে লিটন, ইমরুল, সৌম্যদের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু কেউই ভালো করেননি। টেস্ট অধিনায়ক সাকিবের ওপেনিং নিয়ে চিন্তা তাই কমছে এবার। অভিজ্ঞ তামিমকে পাওয়া যাবে নিউজিল্যান্ডে। বাঁহাতি এই ওপেনারের সঙ্গী হিসেবে দলে আছেন উইন্ডিজদের বিরুদ্ধে অভিষেক হওয়া সাদমান ইসলাম অনিক।

টেস্ট দলে ডাক পেয়েছেন তাসকিন। সর্বশেষ ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলেছিলেন তিনি। গত বছর মার্চে শেষবার জাতীয় দলে খেলেছিলেন তিনি। তারপর বারবার চোটে পড়ায় ফিরতে পারেননি। এবার বিপিএলে ধীরে ধীরে বল হাতে ছন্দ ফিরে পাচ্ছেন তাসকিন। তাকে মূলত টেস্টেই বিবেচনা করেছিলেন নির্বাচকরা। তবে বর্তমান ফর্ম দেখে ওয়ানডে দলে সুযোগ দেওয়া হয়েছে। তাসকিন সম্পর্কে মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘তাসকিন অনেক দিন ধরে ইনজুরিতে ছিল। সে আমাদের পুনর্বাসনে বিসিবির প্রোগ্রামেই ছিল। ওকে আমরা যথেষ্ট নার্সিং করেছি। তারপর ইনজুরি কাটিয়ে বিপিএলে ভালো করেছে। আমাদের একটা প্ল্যান আছ, প্রথমে চিন্তা করেছিলাম লঙ্গার ভার্সনের জন্য। যেহেতু এখন খেলে যাচ্ছে। আমরা এখন ওয়ানডে সিরিজের জন্য দেখেছি।’

নিউজিল্যান্ডে বাংলাদেশের তিন ওয়ানডে ১৩, ১৬, ২০ ফেব্রুয়ারি। হ্যামিল্টনে প্রথম টেস্ট শুরু হবে ২৮ ফেব্রুয়ারি। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের ক্রিকেটাররা দেশ ছাড়া শুরু করবেন।

নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ টেস্ট দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন,  মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, নাঈম হাসান ও খালেদ আহমেদ।