বিশ্রামে যাচ্ছেন বিরাট কোহলি

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবেন না বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ককে মাঝে মাঝেই বিশ্রাম দেওয়ার যে পদ্ধতি দেশটির বোর্ড চালু করেছে, তারই অংশ হিসেবে কোহলিকে এই বিশ্রাম দেওয়া হলো। বিসিসিআইয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত কয়েক মাসে তার কাজের বোঝা বিবেচনায় নিয়ে দলের ম্যানেজমেন্ট ও সিনিয়র দলের নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তার যথেষ্ট বিশ্রামের প্রয়োজন আছে।’ ২০১৮ সালে এসে কোহলি নিজে তার কাজের বোঝা নিয়ে কথা বলার পর থেকে বিসিসিআই তাকে মাঝে মাঝেই বিশ্রাম দিচ্ছে। এর মধ্যে তিনি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফি, আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও এশিয়া কাপে অংশ নেননি।