ইত্তেফাক রিপোর্ট
বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুত্ উত্পাদনে আঞ্চলিক ভারসাম্য রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের লক্ষ্যে সরকার অঞ্চলভিত্তিক জ্বালানি অঞ্চল সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করেছে। সবার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি মানসম্পন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হবে। গতকাল বুধবার বিদ্যুত্ ভবনে সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম বলেন, সৃষ্টিশীল কৌশল প্রয়োগ করে টেকসই বিদ্যুত্ নিশ্চিত করতে হবে। সবার জন্য মানসম্পন্ন বিদ্যুত্ নিরবিচ্ছিন্ন সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সৈয়দপুর ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুেকন্দ্রটি ইপিসি ঠিকাদার চীনা কোম্পানি ডংফেং ইলেক্ট্রিক করপোরেশন নির্মাণ করছে। আগামী জুনের মধ্যে এর নির্মাণকাজ সম্পন্ন করবে। এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় এক হাজার এক কোটি টাকা। চুক্তিতে পিডিবির পক্ষে প্রতিষ্ঠানটির সচিব মীনা মাসুদুজ্জামান এবং ডংফেং-এর পক্ষে এর প্রেসিডেন্ট লিউ ঝিগাং স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যুত্ সচিব ড. আহমদ কায়কাউস ও পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ।