একই পরিবারের ছয় জনসহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জনসহ ১৫ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম মান্দারী এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ সাতজন নিহত হয়েছেন। গতকাল ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশা যাত্রী একই পরিবারের শাহ আলম ও তার শিশু পুত্র অমিত হোসেন, সামছুন নাহার ও তার দুই মেয়ে নাছিমা আক্তার, রোকেয়া বেগম এবং মেয়ের জামাতা রুবেল হোসেন ও সিএনজি চালক নুর হোসেন। একই পরিবারের সবাই সদর উপজেলার চন্দ্রগঞ্জের সাদারঘর ও সিএনজি চালক একই উপজেলার নেয়ামতপুর এলাকার। স্বজনরা জানায়, আহত ছেলে নাদিম মাহমুদ অন্তরকে দেখতে তার পারিবারের লোকজন হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় পশ্চিম মান্দারী এলাকায় অটোরিকশাটি পৌঁছলে দ্রুতগতিতে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের নিচে চাপা পড়ে ধুমড়ে-মুচড়ে যায় অটোরিক্সাটি। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী সবাই মারা যায়।

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কেশরগঞ্জ-চৌরাস্তা সড়কের কান্দুর বাজার সংলগ্ন স্থানে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী কেশরগঞ্জ কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক সাইফুল ইসলাম (৪০) ঘটনাস্থলেই নিহত    হয়েছেন। গত বুধবার এই দুর্ঘটনাটি ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল দুপুরে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কান্দিপাড়ার বারেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী সাচ্চু মিয়া (৩২) ও গফুর মিয়ার ছেলে সাবু মিয়া (২৫)।

বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার প্রধান সড়কের চাম্বল বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আনোয়ার পূর্ব চাম্বল ৮নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।

গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাবাজারে (ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন) চাঁপা দেওয়ায় ঘটনাস্থলেই দুই রিকশাভ্যান যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের আজাহার আলী (৪২) এবং একই উপজেলার দুধিয়া গ্রামের ইমরান মিয়া (১৯)। গত মঙ্গলবার  রাতে এই দুর্ঘটনা ঘটে।

পলাশ (নরসিংদী): পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় দুই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (২৭) নামে এক কাভার্ড ভ্যান চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে পৌর এলাকার ভূঁইয়ার ঘাটে এই দুর্ঘটনা ঘটে। বিল্লাল ঘোড়াশাল টেঙ্গরপাড়া গ্রামের ইসলাম হোসেনের ছেলে।

রাজারহাট (কুড়িগ্রাম): রাজারহাটে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে পাপন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের পল্লব সরকারের পুত্র পাপন। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজারহাট বাজারের উপকণ্ঠে এই দুর্ঘটনাটি ঘটে।