কোর্ট রিপোর্টার
অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি ইউনিপে টু ইউ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ইমনসহ (৩৭) ছয়জনকে ১২ বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে। অন্য দন্ডিতরা হলেন— ইউনিপে টু ইউ’র বাংলাদেশের চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, জিএম এম জামসেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান চৌধুরী এবং ইউনিল্যান্ড লি. এর পরিচালক এইচ এম আরশাদ উলাহ। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ রায় দেন।
রায়ে আসামিদের কারাদন্ডের পাশাপাশি ২ হাজার ৭০২ কোটি ৪১ লাখ ১১ হাজার ৭৮৪ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার ছয় মাসের মধ্যে রাষ্ট্রের অনুকূলে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। দন্ডিতদের মধ্যে শহীদুজ্জামান শাহীন, মাসুদুর রহমান ও মঞ্জুরুল এহসান চৌধুরী পলাতক। বাকিরা কারাগারে।
অল্প সময়ে অধিক মুনাফার লোভ দেখিয়ে টাকা জমা নিয়ে তা দন্ডিত আসামিদের হিসাবে স্থানান্তর করার অভিযোগ ২০১১ সালের ২৫ জানুয়ারি এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় বলা হয়, দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, সোনা বিনিয়োগের নামে আসামিরা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ২০০৯ সালের নভেম্বর মাস থেকে ২০১০ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সিটি ব্যাংক নিউ মার্কেট শাখা, এনসিসি ব্যাংক নারায়গঞ্জ শাখা ও ব্র্যাক ব্যাংক এলিফেন্ট রোড শাখায় মোট ২৪৬ কোটি ৩০ লাখ ৪৫৪ টাকা জমা করে। আসামিদের মধ্যে ইউনিপে-টু-ইউর এমডি মুনতাসির হোসেন ও চেয়ারম্যান শহীদুজ্জামান শাহীন ২৫ কোটি ১২ লাখ ৩ হাজার ২০৭ টাকা ‘খরচ দেখিয়ে’ তুলে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর বা রূপান্তর করেন, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শস্তিযোগ্য অপরাধ। মামলাটি তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে ওই বছরের ২৬ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ইউনিপে টু ইউর চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে ২০১৫ সালের ৬ জুলাই অভিযোগ গঠন করে আদালত। এরপর ২৭ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ এবং যুক্তিতর্ক শেষে আদালত গতকাল এ রায় দেয়।