তার স্বপ্ন ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার। এমিলিয়ানো সালার স্বপ্ন সত্যি করতে তাকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বেশি দাম দিয়ে কিনে নিয়েছিল ইংল্যান্ডের ক্লাব কার্ডিফ সিটি। সর্বশেষ ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছিলেন সালা। একটা ছোট্ট বিমানে করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফে যাচ্ছিলেন তিনি। কিন্তু সেই যাওয়া আর হয়ে ওঠেনি। সেই সালা আর কোনোদিন ফুটবল দুনিয়াতেই ফিরবেন কি না, তাই নিয়ে এখন সন্দেহ। কারণ, বিমানসহ নিরুদ্দেশ হয়ে গেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালা।
এ মাসেই রেকর্ড ১৭ মিলিয়ন ইউরো দিয়ে সালাকে দলে ভিড়িয়েছিল কার্ডিফ সিটি। কার্ডিফের জার্সি হাতে ফটোসেশনও করেছিলেন। সবকিছু ঠিক থাকলে এ মাসেই দলটির হয়ে মাঠে নামার কথা ছিল এ স্ট্রাইকারের। কিন্তু সবকিছু আর ঠিক থাকলো কই!
একটা ছোট্ট পাইপার পিএ-৪৬ মালিবু মডেলের বিমানে চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছিলেন এ ফুটবলার। কোনো কোনো সূত্র বলছে, পাইলট ও সালা ছাড়াও আরেকজন ছিলেন এ বিমানে। কিন্তু কিছু সূত্র বলছে, সালাই একমাত্র যাত্রী ছিলেন এখানে।
আর্জেন্টিনার সংবাদ মাধ্যম দাবি করেছে, এ বিমানটিতে ওঠার কিছু সময় পরই সালা টের পান, বিমানটির অবস্থা ভালো না। তিনি হোয়াটস অ্যাপের মাধ্যমে বাবার কাছে একটি কণ্ঠ বার্তা পাঠান বলে দাবি করা হচ্ছে। যেখানে সালা বলেছেন, বিমানটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আর এক দেড় ঘন্টার ভেতর তিনি কার্ডিফ না পৌঁছালে তাকে আর পাওয়া যাবে না বলেও সালা বলেছেন।
বিমানটি সর্বশেষ রাডারে থাকা অবস্থায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে উড়ছিল। গার্নসির পাশ থেকে যাওয়ার সময় বিমানটি সহায্য চেয়েছিল। কিন্তু এর পর পরই তাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাহায্য চাওয়ার সময় বিমান ২৩শ ফুট উচ্চতায় উড়ছিল। এর পর আর এ বিমানের কোনো খোঁজ না পাওয়ায় আকাশ ও পানি পথে বিমানের অনুসন্ধান শুরু হয়।
প্রথমদিন অনুসন্ধানে কিছু ভাসমান জিনিস সাগরে দেখা গেলেও সেটা এ বিমানের অংশ কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এখনও অভিযান চলছে। তবে অভিযানের নেতৃত্ব দেওয়া এক কর্মকর্তা বলেছেন, সমুদ্রের এ পরিবেশে শুরুতে জীবিত থাকলেও এ অবস্থায় আর কারো জীবিত থাকার সম্ভাবনা নেই বললেই চলে।
যদিও সালার জীবিত ফিরে আসার প্রার্থনা করছেন এখন লাখো মানুষ। তার বান্ধবী একটার পর একটা টুইটার বার্তায় কাতরভাবে বলেছেন, সালা যেনো ফিরে আসেন। কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা সালার সুস্থভাবে ফিরে আসার জন্য প্রার্থনা করেছেন। এ ছাড়া কার্ডিফ সিটি ক্লাব সালার ফেরার জন্য বিশেষ প্রার্থনা আয়োজন করেছে।