আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছর ধরে বিএনপি শুধু আন্দোলনের ঘোষণা দিয়ে এসেছে, কিন্তু আন্দোলন করতে পারেনি। কারণ জনগণ সাড়া দেয়নি। আর এখন আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর যখন জনগণ শান্তিতে আছে, বিএনপির আন্দোলনের ডাকে তারা কেন সাড়া দেবে! বিএনপির আন্দোলনে জনগণের সাড়া মিলবে না।
গতকাল বুধবার রাজধানীর বনানীতে নবনির্মিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবন পরিদর্শন ও সংস্থাটির কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের আন্দোলনে নামতে বলেছেন। কিন্তু জনগণ ছাড়া আন্দোলন হয় না। মির্জা ফখরুলের আন্দোলনে জনগণ সাড়া দেবে, এটা দুঃস্বপ্নের নাম।’ দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার বার্তা দিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ গড়ার লক্ষ্যে নবযাত্রা শুরু করতে হবে। বিআরটিএ’র অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বরদাশত করা হবে না। তিনি বলেন, ‘আগের তুলনায় বিআরটিএ’র অফিসগুলোতে হয়রানি অনেক কমেছে। তারপরও ভেতরে অনেক সমস্যা আছে। এসবও বরদাশত করা হবে না। স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।’ সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিআরটিএ’কে দুর্নীতিমুক্ত করতে ভেতরে-বাইরে দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দালালের সাথে কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ পাওয়া গেলে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
আধুনিক যুগোপযোগী সেবা দেওয়ার লক্ষ্যে বিআরটিএ’কে ঢেলে সাজানো হয়েছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বিআরটিএ-তে এসে মানুষ যেন হয়রানি না হয়, সেটা নিশ্চিত করতে হবে।’ বিআরটিএ’র অসাধু কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সংশোধন করুন। না হয় কোনো ছাড় দেওয়া হবে না। টোল আদায়ের নামে মেঘনা-গোমতীতে কোনোভাবেই হয়রানি করা যাবে না।’ তিনি বলেন, ‘অতীতে এমনও হয়েছিল, গাড়ি না এনে ফিটনেস পাওয়া যেতো। আমি পুরোপুরি দৃশ্যপট পরিবর্তন চাই। ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য কমাতে হবে। ভেতরে যদি যোগসাজশ না থাকে, তাহলে তারা কীভাবে সুযোগ পায়। আমি চাই না, দালালদের কারণে বিআরটিএ’র দুর্নাম হোক। আমি কমিশন-পার্সেন্টেজের অংশীদার নই।’
সেতুমন্ত্রী বলেন, ‘গতকাল সফলতার সাথে সপ্তম স্প্যান স্থাপনের মাধ্যমে পদ্মাসেতুর এক কিলোমিটারের বেশি দৃশ্যমান হয়েছে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ পর্যন্ত পদ্মাসেতু প্রকল্পের ৬৩ ভাগ কাজ শেষ হয়েছে। ওবায়দুল কাদের বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। এভাবে প্রকল্পের পর প্রকল্প শেষ করার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।’ মন্ত্রী বিআরটিএর লাইসেন্স সমস্যা নিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মশিয়ার রহমানের কথা শোনেন। এটা কীভাবে সমাধান করা যায়, সে ব্যাপারে নির্দেশ দেন। এসময় জরাজীর্ণ গাড়ি কেন বন্ধ করা হচ্ছে না তা জানতে চান মন্ত্রী। জবাবে মশিয়ার রহমান বলেন, এটা নিয়ে মালিক শ্রমিক পক্ষ ঝামেলা করে। ডাম্পিং স্টেশন না থাকায় গাড়ি বাজেয়াপ্ত করা যাচ্ছে না। তখন ডাম্পিং স্টেশনের সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে এক সপ্তাহের মধ্যে প্রস্তাব দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।