ময়মনসিংহে থানা ঘেরাও ভাঙচুর, আহত ১৫

ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের এক শিক্ষককে পুলিশ দ্বারা লাঞ্ছনা ও আটকে রাখার ঘটনায় কোতোয়ালী থানা ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের শিক্ষককে আটকে রাখার ঘটনা শুনে থানা ঘেরাও করলে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশ, শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা আবার হাসপাতালে চিকিত্সা নেওয়ারকালে কয়েক পুলিশ সদস্য শিক্ষার্থীদের মারপিট করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করে। তবে জেলা ও পুলিশ প্রশাসন উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাসও দেন। তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন গুজব থেকে বিষয়টি এতদূর গড়িয়েছে।

এদিকে ঘটনার পরপরই জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস কলেজে এবং হাসপাতালে ছুটে যান। পুলিশ সুপার শাহ আবিদ হোসেনও হাসপাতালে ছুটে আসেন। জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, কি কারণে এমন ঘটনা ঘটলো তা তারা খতিয়ে দেখবেন। পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, সামান্য একটি ঘটনা এবং এর গুজব থেকে এসব ঘটনা ঘটেছে। তিনি বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।