গাজীপুর সদর উপজেলার মনিপুর খাস পাড়া এলাকার ময়লার স্তূপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মো. কামরুজ্জামান (৩০) নামের ঐ যুবক গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার দক্ষিণ মুরেরগাঁও গ্রামের নয়া মিয়ার ছেলে। তিনি স্থানীয় বিকে বাড়ি তালতলী এলাকার বেঙ্গল হারিকেন কারখানার স্টোর সহকারী ছিলেন।
জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, কামরুজ্জামান ওই এলাকায় সপরিবারে ভাড়া থেকে কারখানায় চাকরি করতেন। মঙ্গলবার রাতে কারখানায় ডিউটির কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। বুধবার সকালে এলাকাবাসী ময়লার স্তূপে লাশ দেখে পুলিশে খবর দেয়। সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও তার মুখ থেকে লালা ও ফেনা বের হচ্ছিল।