পুলিশকে মারধরের মামলায় পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ৯ জনকে ১ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন আসামিদের আদালতে হাজির করে ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ১ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
আসামিরা হলেন- পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসেন, ওয়াহিদুল ইসলাম, আরিফ, শেখ রহিম, রাসেল, শাহ্ আলম চঞ্চল, আরিফ হোসেন, কাওসার আহমেদ সাইফ ও মোয়াজ্জেম। এছাড়া পল্টন থানার অন্য এক মামলায় ৭ আসামির রিমান্ড আবেদন নাকচ করে আদালত। তারা হলেন- বিএম আসলাম হোসেন, মেহেদী হাসান, জুয়েল, শরিফুল ইসলাম, সোহেল তালুকদার, সম্রাট ও সাখাওয়াত হোসেন।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার পল্টনের একটি ভবনে অর্থ আত্মসাত্, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় পল্টন থানা ছাত্রলীগের সভাপতি শেখ নাজমুল হোসাইন মিরনসহ ১৬ জনের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়।