রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি রাখালের মৃত্যু হয়েছে। নিহতের নাম জামাল (৪৫)। তিনি গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের ময়নার ট্যাগ ডাবের মাঠ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর সহযোগী রাখালরা তার লাশ নিয়ে বাড়িতে পৌঁছে দেয়।
চর আষাড়িয়াদহ ইউনিয়ন চেয়ারম্যান সনাউল্লাহ জানান, ‘বুধবার রাতে জামালসহ কয়েকজন সাহেবনগর সীমান্তের ১ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ৩৫ বিএসএফের চর আষাড়িয়াদহ বিওপি ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফের গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রাখাল জামালের মৃত্যু হয়। পরে সহযোগি কয়েকজন রাখাল তার লাশ নিয়ে পালিয়ে আসে।’
এ বিষয়ে বিজিবির সাহেব নগর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সুলতান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, নিহত জামালসহ বেশ কয়েকজন অবৈধভাবে বুধবার রাতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। ফেরার পথে বিএসএফের গুলিতে জামাল নিহত হলেও সহযোগিরা লাশ উদ্ধার করে বাড়ি চলে যায়।’
আরও পড়ুনঃ গুরুদাসপুরে নেশার টাকা না পেয়ে বাবা, মা ও বোনকে কুপিয়ে জখম
বিজিবি-১ এর উপ-অধিনায়ক আসিফ বুলবুল মৃত জামালের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, ‘খবর পেয়ে মৃত জামালের বাড়িতে বিজিবি টহল টিম পাঠানো হয়। জামালের পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি হার্ট এ্যাটাকে মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার দাফন সম্পন্ন করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু