প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। বিদেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশে ভোটার হিসেবে নথিভুক্ত হতে পারেন, সেজন্য অচিরেই বিভিন্ন দেশে নিবন্ধন কার্যক্রম চালানো হবে।
বৃহস্পতিবার দিল্লিতে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন সিইসি।
দিল্লির বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, অস্ট্রেলিয়া ও কানাডাতে অফিস স্থাপন করা হবে। বিশ্বের ১৫৭টি দেশে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা ভোটার তালিকায় এবং জাতীয় পরিচয়পত্রে নাম অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছেন।
আরো পড়ুন: হঠাৎ অফিসে ৪ হাজার কোটি টাকার মালিক ডিসি অফিসের পলাতক সেই পিয়ন
‘মেকিং আওয়ার ইলেকশনস মোর ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসিবল’ শীর্ষক এক সেমিনারে যোগ দিতে সিইসি নূরুল হুদা ভারত সফরে রয়েছেন। দু’দিনব্যাপী এই সেমিনারের আয়োজক ভারতীয় জাতীয় নির্বাচন কমিশন।
সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, রাশিয়া, কাজাখিস্তানের নির্বাচন কমিশনের কর্মকর্তারা অংশ নেন। এতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
কে এম নুরুল হুদা বলেন, বাংলাদেশে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এই নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
ওই নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ’ ছিল বলে জানিয়ে সিইসি জানান, ১৬০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং স্থানীয় পর্যায়েও ৮১টি সংস্থার ২৫ হাজার পর্যবেক্ষক সম্পূর্ণ বিনা বাধায় নির্বাচনী পরিস্থিতি ঘুরে দেখেছেন তাদের কোথাও কোনও অসুবিধা হয়নি।
বাংলাদেশে ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পর প্রধান নির্বাচন কমিশনারের এটাই প্রথম বিদেশ সফর।
ইত্তেফাক/জেডএইচ