নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের তরুণ সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলার তদন্তভার পিবিআইর কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা দায়েরের একদিন পর আজ বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এর তদন্তভার পিবিআইর কাছে হস্তান্তর করা হয়।
জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুরহান উদ্দিন মুজাক্কির হত্যা মামলাটির তদন্তভার হস্তান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছেন। সে নির্দেশনা অনুযায়ী মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। এ মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছেন জেলা পিআইবির পুলিশ পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান। ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন এ তদন্তকারী কর্মকর্তা।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নিহত সাংবাদিকের বাবা মাওলানা নোয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তিদের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
গত শুক্রবার উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও কয়েক রাউন্ড টিয়ারসেল ও শর্টগানের গুলি ছুঁড়ে। এ সময় কর্তব্যরত অবস্থায় সাংবাদিক মুজাক্কিরসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। আশংকাজনক অবস্থায় মুজাক্কিরকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরদিন শনিবার রাত পৌনে ১১ টার তিনি মারা যান। মুজাক্কির দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের নোয়াখালী জেলা প্রতিনিধি ছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি