সাভার উপজেলার আশুলিয়ায় এক দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম ওসমান গণি (৩২)। বুধবার (২৩ জানুয়ারি) রাত ১২ টার দিকে আশুলিয়ার চানগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওসমান গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পাইকা এলাকার আজিজ রহমান প্রামাণিকের ছেলে।
নিহত ওসমান গণি চানগাঁও এলাকায় বসবাস করে একটি মোবাইল ফোন রির্চাজ এর দোকান চালাতেন। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো-রিপন, রুবেল ও সোহেল। সোহেলের বাড়ির আশুলিয়ার চানগাঁও এলাকায় ও বাকিদের খুলনা জেলায়।
নিহতের ভাই আমিনুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে ফোনে টাকা রিচার্জ করা নিয়ে ওসমানের সঙ্গে রুবেলের কথা কাটাকাটি হয়। বুধবার রাতে ওসমানের দোকানে দু’জনার দেখা হলে আবারো তাদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে রাত ১২টার দিকে রিপন ও সোহেল নামে দু’জনকে সঙ্গে নিয়ে ওসমানের দোকানে হামলা চালায় রুবেল। এই সময় তারা ওসমানকে তার দোকানেই হাত পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওসমানের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হত্যাকারী সোহেলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এলাকাবাসীর সহযোগীতায় অপর দুই হত্যাকারী রিপন ও রুবেলকেও আটক করে পুলিশ।
আরও পড়ুন: চৌগাছা পৌরসভার কাউন্সিলর পদত্যাগ
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, 'গতকাল বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে'।
ইত্তেফাক/জেডএইচডি