বগুড়ায় মাদক মামলায় নারী ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান

বগুড়ায় মাদক মামলায় রোজী বেওয়া নামের এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার বগুড়ার জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক মোঃ গোলাম ফারুক এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৫ সালের ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহরের রেলওয়ে স্টেশনের সামনে জুবিলী স্কুলের গেটের সামনে থেকে ৩৫০ গ্রাম হেরোইনসহ রোজী বেওয়া নামের এক হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ ঘটনায় বগুড়া ডিবি পুলিশের এসআই আবু সিদ্দিকী বাদী হয়ে আদালতে মাদক বিরোধী আইনে মামলা দায়ের করেন।

মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বগুড়া জেলা জজ আদালত-৩ এর বিচারক মোঃ গোলাম ফারুক হেরোইন ব্যবসায়ী রোজী বেওয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দলিত নেত্রী বনানী বিশ্বাস

উল্লেখ্য, রফিকুল ইসলামের মেয়ে রোজী বেওয়া বগুড়া রেলওয়ে স্টেশনের একটি ঝুপড়ি ঘরে বসবাস করা অবস্থায় হেরোইনের ব্যবসায় জড়িয়ে পড়ে।

ইত্তেফাক/নূহু