সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী এএসএম জুলহাস নিহত হয়েছেন। এ সময় তার বড় ভাই একেএম জাকারিয়া গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত জাকারিয়াকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত জুলহাস বগুড়ার বিন্দাবন পাড়ার তারাজুল ইসলামের ছেলে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
আরো পড়ুন: দুদকে ঘুষ দিতে এসে লাখ টাকাসহ গ্রেফতার আনসার কমান্ড্যান্ট
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, ‘জুলহাস তার বড় ভাই জাকারিয়াকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বগুড়ায় যাচ্ছিলেন। তারা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করার পর জুলহাসের মৃত্যু হয়।
ইত্তেফাক/বিএএফ