পাবনা প্রতিনিধি
স্নোবল, পান চাটিয়া, গোল্ডেন ঝাউ, ক্যাপসিকাম, গ্লাডিওলাস, লিটল স্টার, পাইন ঝাউ, লন্ডমেক্স, অর্কিড, জারভেরা, ক্যালেনডোলা, জুঁই, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদাসহ নাম না জানা ফুলের সমাহার। এ যেন এক ফুলের বাগান। এমনই সব বাহারি ফুল গাছের সমাহার নিয়ে পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলার আয়োজন করেছে জেলা কৃষি বিভাগ ও নার্সারি মালিক সমিতি। গত শনিবার বিকালে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি চত্বরে প্রধান অতিথি হিসেবে পুষ্পমেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। এ সময় জেলা প্রশাসক জসিমউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আজাহার আলী বক্তব্য রাখেন। সরকারি-বেসরকারি মেলার ২০টি স্টলে দেখা মিলছে নানা জাতের বাহারি সব ফুলের। পাবনা কলেজের সহকারী অধ্যাপক লুত্ফননাহার বলেন, ফুল মনুষ্যত্ব শেখায়। মানুষের মন ভালো করতে সহায়তা করে।