পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

লক্ষ্মীপুর:বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম মিজানুর রহমান রুবেল(৩৫)। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের লাহারকান্দী মোল্লাবাড়ীর দ্বিন মোহাম্মদের ছেলে ও টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তিনি লক্ষ্মীপুর জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী ছিলেন। লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাতকানিয়া (চট্টগ্রাম):চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক  চিকিত্সক নিহত হয়েছেন। গত বুধবার রাত পৌনে ১০ টায় উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী হলেন চট্টগ্রাম নগরীর চান্দগাও এলাকার নুরুল হক ঠিকাদার বাড়ির মনজুরুল হকের ছেলে ডা. জুবাইদুল হক ফাহাদ (২৮)। দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান বাসের ধাক্কায় এক ডাক্তার নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাসটিকে আটক করা হয়েছে।

গৌরীপুর (ময়মনসিংহ):গৌরীপুর-শাহগঞ্জ সড়কে গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া খেলার মাঠ মোড় এলাকায় বুধবার সিএনজি চাপায় অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার নিহত হয়েছেন। তার নাম আব্দুল হান্নান (৭০)। ঘটনার সময় আব্দুল হান্নান বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শাহগঞ্জ থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): শিবগঞ্জে বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নাধীন পারচৌকা কুলাপাহাড়ি গ্রামের মৃত মালাবক্সের ছেলে আঃ রউফ (৭৫)। এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হলেও ঘাতক ট্রাক্টরটি আটক করেন স্থানীয় জনতা। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এস আই রিপন জানান, পারিবারিক কোনো আপত্তি না থাকায় লাশ শনাক্তপূর্বক ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

ফরিদগঞ্জ (চাঁদপুর) :ফরিদগঞ্জে আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। নিহত মাওলানা ইউছুফ পাটওয়ারী (৫৫) লোহাগড় আতাউর রহমান বালিকা মাদ্রাসার সহকারী সুপারিন্টেডেন্ট। গতকাল বৃহস্পতিবার সকাল ৯.৩০ মি.-এর সময় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টুবগীতে নির্মাণাধীন একটি ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর ট্রাক চালক ও ব্রিজের নির্মাণ শ্রমিকরা পালিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে। পুলিশের হস্তক্ষেপে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।