নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে কোয়ারেন্টাইনে দিন কাটছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। ক্রাইস্টচার্চ শহরে দ্য পার্ক নামক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছে পুরো দল। সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশটির সরকার নির্ধারিত আইসোলেশন সেন্টার এটি। একই হোটেলে থাকলেও পরস্পর থেকে বিচ্ছিন্ন সবাই। হোটেল রুমে একাকী সময় কাটছে সবার। পুরোপুরি ভিন্নধর্মী অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম-মুশফিকরা।
ইতিমধ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন সবাই এবং দলের সবাই সুস্থ আছেন। গতকাল ক্রাইস্টচার্চ থেকে এসব তথ্য জানিয়েছেন বিসিবির পরিচালক ও সফরে দলের পর্যবেক্ষক জালাল ইউনুস।
সার্বিক অবস্থা জানতে চাইলে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সবাই ভালো আছে। কোয়ারেন্টাইনে আছে। কালকে (বুধবার) গরম ছিল, আজ (গতকাল) ঠান্ডা। গতকাল (বুধবার) কোভিড টেস্ট হয়েছে। রেজাল্ট আসে নাই। আজ (গতকাল) রক্ত নিয়েছে, অ্যান্টিবডি টেস্টের জন্য।’
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গতকাল ক্রাইস্টচার্চ থেকে জানান, এক হোটেলে থাকলেও কারো সঙ্গে কারো দেখা হচ্ছে না। তিনি বলেন, হোটেলে প্রবেশ করতেই করোনার নমুনা নেওয়া হয়েছে সবার। ছয় দিনের মধ্যে তিনবার পরীক্ষা হবে। এসব পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেলেই সপ্তম দিন থেকে জিম করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। অষ্টম দিন থেকে গ্রুপে ভাগ হয়ে সীমিত পরিসরে অনুশীলন করবেন মাহমুদউল্লাহ-মুস্তাফিজরা। তখন পাঁচ জন করে গ্রুপ হবে। এভাবে ১৪ দিন কাটার পর কুইন্সটাউনে পাঁচ দিনের ক্যাম্প করবে টাইগাররা। তারপরই সিরিজের মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।
হোটেল রুমে বন্দি হলেও ভালো আছেন মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদরা। গতকাল দুই পেসারও জানিয়েছেন, একা থাকলেও সবাই ভালো আছেন।
নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। সফরে ছয়টি ভিন্ন ভেন্যুতে ছয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডানেডিনে ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ মার্চ। ডানেডিনের পর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে ও ২৬ মার্চ ওয়েলিংটনে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২৮ মার্চ হ্যামিল্টনে, ৩০ মার্চ নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ২০১৯ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। ঐ বছর ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছিল মুমিনুল-তাইজুলরা। পরে সিরিজের তৃতীয় টেস্ট না খেলেই দেশে ফিরেছিল গোটা দল।
ইত্তেফাক/এমআর