ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক

রাফায়েল নাদালের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনে স্টেফানো সিটসিপাসের গ্রীক উপাখ্যানের সমাপ্তি ঘটলো। বিপরীতে ৩২ বছরের নাদাল পঞ্চমবারের মতো উঠে এলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে। এদিকে নারী এককের ফাইনালে উঠেছেন জাপানের নাওমি ওসাকা।

অস্ট্রেলিয়ান ওপেনে নাদাল সর্বশেষ শিরোপা জিতেছিলেন ২০০৯ সালে। আর একটি জয় পেলেই তিনি দুবার করে চারটি গ্র্যান্ডস্ল্যাম নিজের অধিকারে নেওয়ার বিরল রেকর্ড গড়বেন। আধুনিক টেনিসে এ সৌভাগ্য আর কোনো খেলোয়াড়ের নেই।

নাদাল গতকাল মেলবোর্ন পার্কে ২০ বছরের গ্রীকটিকে ৬-২, ৬-৪ ও ৬-০ গেমে হারান। দ্বিতীয় বাছাই এই স্পানিশ দাপুটে ফর্মে ছিলেন। ফলে এক ঘণ্টা ৪৬ মিনিটে সমাপ্তি ঘটে খেলাটির। নাদাল এখন নোভাক জকোভিচ ও ফ্রান্সের লুকাস পৌলির মধ্যকার বিজয়ীর বিরুদ্ধে খেলবেন।

রজার ফেদেরারকে হারিয়ে দেওয়া সিটসিপাসের বিরুদ্ধে জয়ের পর নাদাল বলেন,‘এটা ছিল দারুণ এক খেলা। টুর্নামেন্টটা দারুণ যাচ্ছে এবং প্রতিদিনই আমি ভালো খেলছি। আশা করি আমি এর চাইতেও ভালো খেলতে পারব।’

বিশ্বের দুই নম্বর খেলোয়াড় নাদাল ফাইনালের পথে যে ছয়টি ম্যাচ খেলেছেন তার একটিতেও কোনো সেট হারেননি। তার বিপক্ষদের মধ্যে তিনজন অবশ্য ২১ বছরের নিচের। নাদালের মোকাবিলা করা খেলোয়াড়দের মধ্যে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনাল খেলা সিটসিপাস হলেন সর্বোচ্চ র্যাংকিংয়ের।

জকোভিচের খেলাটি অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। অপরদিকে ফাইনাল হবে আগামি রবিবার। মেলবোর্নে সফল হলে ইতিহাসের কিছুটা অংশ হতে পারবেন সার্বীয় জকোভিচও। কারণ তিনি পুরুষ টেনিসে রেকর্ড সাতটি এককের শিরোপা জয়ের লক্ষ্যে আছেন।

 সেজন্য অবশ্য তাকে আগে সেমিফাইনালে ফরাসিটির বিরুদ্ধে সাফল্য পেতে হবে।

ওসাকা টানা দ্বিতীয়

গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে

ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠেছেন। এ জন্য অবশ্য চতুর্থ বাছাই জাপানের এই তারকাকে গতকাল চেক ক্যারোলিনা প্লিসকোভার বিরুদ্ধে কঠিন লড়াই চালাতে হয়েছে।

ওসাকা ৬-২, ৪-৬ ও ৬-৪ গেমে জয়ী হন এবং আগামিকাল শনিবার আরেক চেক পেত্রা কভিতোভার বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে যোগ দেবেন। ২১ বছরের ওসাকা আত্মবিশ্বাসী খেলা উপহার দিয়েই জয়টি তুলে নেন। যদিও মেলবোর্নের ৪০ ডিগ্রী সেলসিয়াসে খেলতে হয়েছিল তাকে।

কভিতোভা ২০১৬ সালের ডিসেম্বরে ছুরিকাহত হওয়ার পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন।