সাতক্ষীরায় মাটি বহনকারী ট্রাক্টরের ধাক্কায় দুই ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে শহরের তালতলায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের আব্দুস সামাদ খার ছেলে মনিরুল ইসলাম (৪০) ও ইশরাফ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মনিরুল ও মোহাম্মদ আলী বাইসাইকেলযোগে বিনেরপোতার লিয়াকতের ভাটায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালতলায় পৌঁছালে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রাক্টর তাদের পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করতে না পারলেও একই ভাটায় মাটি বহনকারী দুটি ট্রাক্টর আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
ইত্তেফাক/এএএম