বিপিএলের চট্টগ্রাম পর্ব আজ শুরু

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের তিনটি পর্ব শেষ হয়েছে। ঢাকা-সিলেট-ঢাকা হয়ে বিপিএলের আসর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে। বন্দরনগরীতে আজ শুরু হবে বিপিএল। চট্টগ্রামে খেলা হবে পাঁচদিন। ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি। আজ শুরু হয়ে চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।

চট্টগ্রাম পর্ব জমে উঠার সম্ভাবনাই বেশি। কারণ এই পর্বে প্লে-অফ চার দল নির্ধারণ হয়ে যেতে পারে। আর প্লে-অফের স্থান ঠিক হওয়ার লড়াই বলেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা ম্যাচগুলো। ইতোমধ্যে দলগুলোও ঢাকা থেকে চট্টগ্রামে উড়াল দিয়েছে। আজ দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিরুদ্ধে খেলবে সিলেট সিক্সার্স। বেলা ২টায় শুরু হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক চিটাগং ভাইকিংস খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। রংপুরকে হারিয়েই এবার বিপিএল শুরু করেছিল মুশফিকুর রহিমের চিটাগং। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে চিটাগং। সাত ম্যাচে সর্বোচ্চ ছয়টি জয় মুশফিক বাহিনীর। আট ম্যাচে পাঁচটি করে জয় আছে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সমান সংখ্যক ম্যাচে চারটি করে জয় পেয়েছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। তালিকার তলানিতে থাকা খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্সের জয় দুটি করে। তবে খুলনা নয়টি ও সিলেট আটটি ম্যাচ খেলেছে।

স্বাগতিক চিটাগং হোম ভেন্যুতে চারটি ম্যাচ খেলবে। আজ রংপুরের পর ২৬ জানুয়ারি রাজশাহী, ২৯ জানুয়ারি কুমিল্লা, ৩০ জানুয়ারি ঢাকার বিরুদ্ধে লড়বে চিটাগং।

ডিবিএল গ্রুপের মালিকানায় বিপিএলের গত দুই আসরে ভালো করেনি দলটি। পয়েন্ট তালিকার তলানিতে পড়েছিল। অথচ সেই দলটিই এখন বিপিএলের শীর্ষ দল। গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলন করেছে চিটাগং। বিদেশি ক্রিকেটারদের সঙ্গে স্থানীয়দের পারফরম্যান্সেই দুর্দান্ত মুশফিকের দল।

তিনটি ম্যাচই চিটাগংকে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক। ব্যাটিংয়ের পর বল হাতে দলের বিপদের ত্রাতা তিনি। ওপেনিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ কয়েকটি ম্যাচে ভালো শুরু এনে দিয়েছেন। স্থানীয়দের মধ্যে অধিনায়ক মুশফিক ব্যাটিংয়ে দুটি ম্যাচ জয়ের নায়ক ছিলেন। সাত ম্যাচে ২৭৭ রান করা মুশফিক তিনটি হাফ সেঞ্চুরি করেছেন। বিপিএলের রান সংগ্রাহকদের মাঝেও তার অবস্থান দ্বিতীয়। আট ম্যাচে ৩৫৯ রান করে শীর্ষে রংপুরের রাইলি রুশো। জ্বরের কারণে এক ম্যাচ না খেলা ফ্রাইলিঙ্ক বল হাতে ১২ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ১১২ রান। ফ্রাইলিঙ্ক ছাড়াও চিটাগংয়ের দুই পেসার খালেদ আহমেদ ১১টি, আবু জায়েদ রাহী ১০টি উইকেট নিয়েছেন।

গতকাল সাগরিকায় অনুশীলনের পর চিটাগংয়ের সাফল্যের রহস্য হিসেবে স্থানীয় ক্রিকেটারদের ধারাবাহিকতার কথাই উল্লেখ করেছেন মোহাম্মদ আশরাফুল। কাজে লাগছে দলের সব পরিকল্পনাও। দলের হয়ে দুই ম্যাচ খেলা এই ক্রিকেটার সাংবাদিকদের বলেছেন, ‘যেভাবে পরিকল্পনা করছি, যে জায়গায় যে ধরনের খেলোয়াড় প্রয়োজন, এ পর্যন্ত সবগুলো জিনিস কাজে দিচ্ছে, এটাই মূল রহস্য। যেহেতু চার বিদেশি এ বছর ভালো ফলাফল করতে স্থানীয়দের গুরুত্ব বহন করছে। সেদিক থেকে আমাদের স্থানীয় যারাই খেলছে, চমত্কার ক্রিকেট খেলছে।’

পয়েন্ট টেবিল

দল                               ম্যাচ          জয়           পরাজয়      পয়েন্ট

চিটাগং ভাইকিংস              ৭              ৬              ১              ১২

ঢাকা ডায়নামাইটস           ৮              ৫             ৩              ১০

কুমিল্লা ভিক্টোরিয়ান্স         ৮              ৫             ৩              ১০

রংপুর রাইডার্স                ৮              ৪             ৪              ৮

রাজশাহী কিংস                ৮              ৪             ৪              ৮

খুলনা টাইটান্স                 ৯              ২              ৭              ৪

সিলেট সিক্সার্স                 ৮              ২              ৬              ৪