পেসারদের সামনে শ্রীলঙ্কার আত্মসমর্পণ

  স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়াতে ভারতের সিরিজ জয়ের পর শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল বলেছিলেন, তারাও একই ধরনের সাফল্য আশা করছেন। কিন্তু শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া অভিযানের শুরুটা একেবারে যাচ্ছেতাই হলো। প্রথম দিন শেষ হওয়ার আগেই প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে তারা ১৪৪ রানে।

প্যাট কামিন্স ৪ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন শ্রীলঙ্কান লাইনআপ। জবাব দিতে নামা অস্ট্রেলিয়া শুরুটা ভালো করলেও শেষ বিকালে উইকেট হারিয়েছে তারা। দিনশেষে ২ উইকেটে ৭২ রানে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কান দুই ওপেনারই দুই অঙ্কের স্কোর করেছেন। ২৬ রানের জুটি এসেছে প্রথম উইকেটে। থিরিমান্নে ১২ রান করে কামিন্সের প্রথম শিকার হওয়ায় শুরু হয় শ্রীলঙ্কার পতন। পরপরই ৫ রান করে তরুণ ঝাই রিচার্ডসনের বলে ফিরে আসেন অধিনায়ক চান্দিমাল। এরপর শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা উইকেটে যাওয়া আসার মিছিলে অংশ নিয়েছেন। শুধু এক প্রান্তে নিরোশান ডিকওয়েলা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। সেই চেষ্টাকে নিরর্থক করে দিয়েছেন অস্ট্রেলিয়ান পেসাররা। ডিকওয়েলা ৭৮ বলে ৬টি চার ও একটি ছক্কায় সাজানো ৬৪ রানের ইনিংস খেলেন। নবম ব্যাটসম্যান হিসেবে তিনি ফিরেছেন সাজঘরে।

ডিকওয়েলা ছাড়া আর কেউ শ্রীলঙ্কাকে পথ দেখাতে পারেননি। কামিন্স ৩৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন দিনের সেরা বোলার। এ ছাড়া ঝাই রিচার্ডসন নেন ২৬ রানে ৩ উইকেট। মিশেল স্টার্ক নিয়েছেন ২ উইকেট। আর বাকি উইকেটটি পেয়েছেন নাথান লায়ন।

জবাব দিতে নামা অস্ট্রেলিয়াকে স্বস্তির শুরু এনে দেন মার্কাস হ্যারিস। তিনি এক প্রান্তে ৮২ বলে ৪০ রান নিয়ে ব্যাট করছেন। অন্য প্রান্তে জো বার্নস ১৫ ও উসমান খাজা ১১ রান করে আউট জন। অস্ট্রেলিয়া ১ উইকেটেই ৭২ রান তুলেছিল। কিন্তু একেবারে দিনের খেলা তিন ওভার বাকি থাকতে খাজা আউট হয়ে যান। এরপর নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন লায়ন। তিনি ও হ্যারিস আর কোনো ক্ষতি হতে দেননি।

ব্রিসবেন

টেস্ট

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা-১ম ইনিংস: ৫৬.৪ ওভারে ১৪৪/১০ (ডিকওয়েলা ৬৪, করুনারত্নে ২৪; কামিন্স ৪/৩৯, ঝাই ৩/২৬, স্টার্ক ২/৪১)

অস্ট্রেলিয়া-১ম ইনিংস: ২৫ ওভারে ৭২/২ (হ্যারিস ব্যাটিং ৪০)।