স্পোর্টস রিপোর্টার
গত জুলাইয়ে সামার মিটে স্বর্ণ জয়ী নৌবাহিনীর ইব্রাহিম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনের সকাল বেলায় নতুন রেকর্ডের জন্ম দিয়েছেন। ২২ বছরের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস লিখেছেন নৌবাহিনীর শটপুটের পিএমওয়ান ল্যান্স কর্পোরাল ইব্রাহিম। তিনি জাতীয় রেকর্ড গড়েছেন ৯৭ সালে রেকর্ড গড়া মোজাফফর হোসেনের। এত পুরনো একটি রেকর্ড ভেঙে ইব্র্রাহিম দারুণ সুখবর দিয়েছেন তার নৌবাহিনীকে। মোজাফফার ১৪.২৫ মিটার দূরত্বে ফেলেছিলেন। আর ইব্রাহিম ফেলেছেন ১৪.৫৩ মিটার দূরত্বে।
এমনিতেই ইব্রাহিমের দারুণ খ্যাতি তার দলের ভেতরে। কারণ পরিশ্রম। ইব্রাহিমদের কোচ আনসার আহমেদ জানালেন এই একটা ছেলেকে দেখলাম একটু ভিন্ন। যখন যে সময় অনুশীলন করা দরকার তখনই প্রস্তুত। এত বেশি পরিশ্রম করতে পারে তা অকল্পনীয়। ২৬ বছর বয়সের এই অ্যাথলেট এবার হয়ত আন্তর্জাতিক লড়াইয়ে যাওয়ার সুযোগ পাবেন। তার আগে ভালো প্রশিক্ষণ চান তিনি। অনেক আক্ষেপ ছিল আন্তর্জাতিক মিটে যাবেন। একবার ভারতে জুনিয়র মিটে যাওয়ার সুযোগ পেয়েও পাসপোর্ট জটিলতায় যাওয়া হয়নি।
এবার এশিয়ান ট্র্যাক এন্ড ফিল্ডে জায়গা পাবেন ধরে নিয়ে আশায় রয়েছেন ইব্রাহিম। নৌবাহিনীতে তিন বছর ধরে খেলছেন। পরিশ্রমের প্রতিদান পেয়েছেন ইব্রাহিম। এর আগে বিজেএমসিতে খেলেছিলেন তিনি। নোয়াখালীর মাইজদীর সোনাপুরের এম ইসমাইল এবং মা শাহনাজ বেগমের চার সন্তানের মধ্যে সবার বড় ইব্রাহিম। খেলেছেন শহীদ ভুলু স্টেডিয়ামে। খেলাধুলায় বড় হওয়ার স্বপ্নে অ্যাথলেটিকস কোচ রফিক উল্যা মিলনের হাতেখড়ি নিয়েছিলেন। বলছিলেন বেসিকটা তার কাছে শিখেছি। নৌবাহিনীতে এসে বর্তমান কোচদের হাতে আমি আরও শাণিত হয়েছি।’ কোচ আনসার আহমেদ ইব্রাহিম সম্পর্কে বলছিলেন, ‘সাফে ভালো হতে পারে যদি প্রশিক্ষণটা ভালোভাবে করা যায়।’