সেই কনস্টেবল বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেরকুটা গ্রামে শিক্ষানবিস আইনজীবী রাজীব হোসেন তামিমকে চাপাতি দিয়ে কুপিয়ে দুই হাত অচল করার ঘটনায় হাইওয়ে পুলিশের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার কনস্টেবল জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করেছে জেলা পুলিশ। শনিবার জাহাঙ্গীরের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, আমরা লক্ষ্মীপুর জেলা পুলিশ কার্যালয় থেকে একটি চিঠি পেয়েছি। ওই চিঠি আসামী জাহাঙ্গীরের বাসায় পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার নয়দিন পেরিয়ে গেলেও সেই কনস্টেবল ও তার ভাই যুবলীগের বহিষ্কৃত নেতা আলমগীর হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে আইনজীবী রাজিব এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকরা জানিয়েছে, ধারালো অস্ত্রের আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। চাপাতির কোপে বাম হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আরেক হাতের হাড় কয়েক টুকরা হয়ে গেছে। তার দুই হাত পঙ্গুর পথে। সেরে উঠতে আরও সময় লাগবে। 

গত ১৯ ফেব্রুয়ারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জজ আদালতের শিক্ষানবিস আইনজীবী রাজীবকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে রক্তাক্ত করেন পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর ও বহিষ্কৃত যুবলীগ নেতা আলমগীরসহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন আহত রাজীবের বাবা রহিম মিয়া। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করলেও কনস্টেবল জাহাঙ্গীর ও তার ভাই বহিষ্কৃত যুবলীগ নেতা আলমগীরকে গ্রেপ্তার করতে পারেনি। এরই মধ্যে বাদীকে মামলা তুলে নিতে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে রহিম মিয়া। 

ইত্তেফাক/এসআই