ধরাশায়ী মেসিহীন বার্সা

কোপা দেল রে

আফসোস নেই

কোচের

  স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসিহীন বার্সেলোনা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার মাঠে ২-০ গোলে হেরেছে। কোচ আর্নেস্তো ভালভার্দে অবশ্য অধিনায়কের বিশ্রামকে হারের অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ। বরং ফরোয়ার্ড লুই সুয়ারেজ ফিরতি লেগে সেভিয়াকে হারানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

বার্সেলোনা কোচ ব্যস্ত সূচিতে চোটের ঝক্কি এড়াতে সমপ্রতি খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহারের কৌশল নিয়েছেন। এ কারণে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রে’র শিরোপাধারীদের দলে ছিলেন না মেসি, সুয়ারেজ এবং সার্জিও বুসকেটসের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। চোটের কারণে ছিলেন না ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলেও। প্রায় আনকোরা দল খেলানোর খেসারত দিতে হয় ভালভার্দেকে।

সেভিয়ার গোল দুটি আসে উইসাম বেন ইয়েদের এবং পাবলো সারাবিয়ার পা থেকে।  মেসিকে না খেলানোর ফলে এই হারের কবলে পড়তে হয়েছে বলে মনে না করা বার্সা কোচ জানালেন এ নিয়ে কোনো আক্ষেপও নেই তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘এ নিয়ে আমার কোনো আফসোস নেই, এটাই করতে হতো আমাকে।’

এ খেলার দুই দিনের মধ্যেই লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী জিরোনার মুখোমুখি হবে বার্সেলোনা। ভালভার্দে বলেন,‘আমাদেরকে অপেক্ষা করতে হবে। আজ আমি কিছু পরিবর্তন এনেছিলাম। আমার মনে হয়েছে এটাই সেরা সিদ্ধান্ত। এবং যখন পরিবর্তন আনবেন তখন আপনাকে ঝুঁকির কথাটিও মাথায় রাখতে হবে। যখন আপনি জিতবেন তখন সব কিছু সঠিক বলেই মনে হবে কিন্তু হেরে গেলে সবই ভুল বলে মনে হবে।’

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এসি মিলান এবং পিএসজির বিপক্ষে প্রথম লেগে যথাক্রমে দুই এবং চার গোলে হারের পরেও ফিরে আসার কীর্তি আছে বার্সেলোনার। শেষ চার নিশ্চিতে এবারও সেরকমই কিছুর প্রয়োজন পড়বে ভালভার্দের দলের। তবে ইতিহাস নয়, দলটির উরুগুইয়ান ফরোয়ার্ড সুয়ারেজ বিশ্বাস রাখছেন নিজেদের উপরই। তিনি বলেন,‘আমাদের বেশ কিছু মানসম্পন্ন খেলোয়াড় এবং বাড়তি কিছু খেলোয়াড়ও রয়েছে যা ঘাটতি পুষিয়ে দেয়ার জন্য যথেষ্ট!’