মাদক বিক্রিতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার খয়রা মাটিকাটা গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের নাম কুব্বাস আলী (৬৫)। তার বাড়ি খয়রা মাটিকাটা গ্রামে। এ ঘটনায় তার দুই ছেলেসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মোহরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মোহরপুর থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খয়রা মাটিকাটা গ্রামে হাচেন আলীর ছেলে নজরুল, শরিফুল ও মাইনুল এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী। আর এদেরকে সহযোগিতা করে আসছে একই এলাকায় কাশেমের ছেলে শাহেদ আলী। কয়েকদিন আগে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় নিহত কুব্বাস আলীর সাথে হাচেন আলীর ছেলেদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় কুব্বাস আলীর ওপর তারা অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে বৃদ্ধকে উদ্ধার করে মোহরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এসসিএস