লোহাগাড়ায় মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা এলাকা থেকে শনিবার রাত ৯টার দিকে শরমিন আক্তার (১২) নামের ৭ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শরমিন পুটিবিলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার খুলু মিয়ার কন্যা এবং গৌড়স্থান আখতারুলুম দাখিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য পেয়ারু মিয়া জানান, শরমিন আসরের নামাজের আগে বাড়ির আঙিনায় খেলছিল। ঘন্টাখানেক পর স্থানীয়রা নয়াপাড়া এলাকার রাবারড্যাম সংলগ্ন খামার বাড়ির উঠানের একটি গাছে ওড়না প্যাঁচানো অবস্থায় তার লাশ দেখে বাড়িতে খবর দেয়। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মামোনুর রশিদ মামুনকে পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে তিনি জানান। 

ইত্তেফাক/এসসিএস