সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরীর যাত্রা

বিশেষ প্রতিনিধি

নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’ গতকাল বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে মোংলা নৌঘাঁটি ত্যাগ করেছে। ধলেশ্বরীর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশগ্রহণ করার কথা রয়েছে। এ সময় কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট কমডোর এস এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। নৌবাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাগণ, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জাহাজটি আগামী ১৩ হতে ২১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইডিএক্স-২০১৯ এর অত্যাধুনিক নৌ সমরাস্ত্র প্রদর্শনী ও আন্তর্জাতিক কনফারেন্সসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। বানৌজা ধলেশ্বরীর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম মহব্বত আলী। এতে ১৮২ জন নৌসদস্য রয়েছেন।