বারিধারার ‘বড় মাছ’ শিকার

প্রিমিয়ার লিগে উত্তর বারিধারা ক্লাব বড় মাছ শিকার করেছে। লিগে ১০ ম্যাচ খেলার পর প্রথম জয় পেয়েছে ক্লাবটি। তাও আবার শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো বড় দলকে হারিয়ে।

শক্তিমত্তায় দুই দলের পার্থক্য অনেক বেশি। শেখ রাসেল পয়েন্ট টেবিলের যতটা উপরে উঠা যায় তা নিয়ে ভাবছে। চার নম্বরে এখন তারা। আর বারিধারা লড়াই করছিল রেলিগেশন থেকে বাঁচার জন্য। গতকাল সেই বারিধারা ২-১ গোলে হারিয়ে দিয়েছে শেখ রাসেলকে। ঘরোয়া ফুটবলে ট্রেবল জেতার রেকর্ড আছে শেখ রাসেলের। তাদেরকে হারিয়ে পাওয়া জয়টা বারিধারার জন্য বড় শিকারই বটে।

টঙ্গীতে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে শেখ রাসেল ম্যাচের ১৫ মিনিটে আশরাফুলের গোলে (১-০) এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের পুরো ছবিটাই বদলে গেল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বারিধারার হয়ে মিসরের আবদেল রহিম গোল করে ম্যাচে সমতা আনলেন ১-১। আর ৭৪ মিনিটে পাপনের গোল (২-১) শেখ রাসেলের হার নিশ্চিত করে। টঙ্গীর এই মাঠ বারিধারার জন্য পয়মন্ত মাঠ। এখানেই সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে বারিধারা। কাল প্রথম জয়টাও এসেছে। ১১ খেলায় ৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ক্লাবটি। তাদের পরেই আরামবাগ ও ব্রাদার্স।

 

ইত্তেফাক/এনএ