চট্টগ্রামে ঘুষ দিতে গিয়ে আনসার কমান্ড্যান্ট গ্রেফতার

দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার সময় নীলফামারী জেলার আনসার কমান্ড্যান্ট আশিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে ঘুষের টাকাসহ গ্রেফতার করা হয়।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুত্ফুর কবির ইত্তেফাককে জানান, আশিকুর ২ বছর আগে বান্দরবারে ১৭ নং আনসার ব্যাটালিয়নে অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন। তখন আনসার ব্যাটালিয়নের স্থাপনা নির্মাণ ও মেরামত কাজ নিয়ে ১৩ লাখ টাকার  একটি দরপত্রে অনিয়মের অভিযোগ উঠে। এতে কাজ না করে প্রকল্পের টাকা উত্তোলন করে আত্মসাত্ করা হয়। পরে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অভিযোগটি দুদকের উপ-সহকারী পরিচালক জাফর শিবলী সাদেক তদন্ত করছেন। গতকাল বৃহস্পতিবার       আশিকুর রহমান এক লাখ টাকার বিনিময়ে তদন্ত কর্মকর্তাকে অভিযোগটি নিষ্পত্তির প্রস্তাব দেয়। এ সময় দুদক কর্মকর্তা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করেন। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘুষের এক লাখ টাকাসহ তাকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলার প্রক্রিয়া চলছে।