ময়মনসিংহ সিটি করপোরেশনের ওয়ার্ড নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় বৃহস্পতিবার এ গেজেট প্রকাশ করে। ফলে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের সব বাধা কেটে গেলো।
এতে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩টি সাধারণ ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড নির্ধারণ করা হয়েছে। সাধারণ ওয়ার্ড নির্ধারণে বিলুপ্ত ময়মনসিংহ পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা ঠিক রেখে নতুন আরো ১২টি ওয়ার্ড সংযোজন করা হয়েছে।
আইন অনুযায়ী, কোনো এলাকাকে সিটি করপোরেশন ঘোষণা করা হলে সেখানে প্রথমে প্রশাসক নিয়োগ দিতে হয় এবং সিটি করপোরেশন ঘোষণার ১৮০ দিনের মধ্যে ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করে সেখানে নির্বাচন আয়োজন করতে হয়। সিটি করপোরেশনের গেজেট প্রকাশের পরপরই ময়মনসিংহ পৌরসভার বিদায়ী মেয়র মো. ইকরামুল হক টিটুকে ১৮০ দিনের মেয়াদে করপোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ১৩ এপ্রিলের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ আসেনি। উনারা যদি আমাদের অনুরোধ করেন তাহলে আমরা নির্বাচন করে দেবো।’