বিনা পয়সায় চাঁদে যাওয়ার সুযোগ

চাঁদের আশপাশ ভ্রমণে সঙ্গী হতে সাধারণ মানুষদের আবেদন করতে বলেছেন জাপানি ধনকুবের ইয়াসাকু মায়েজাওয়া। এ যাত্রায় বাছাই করা আট জনকে সম্পূর্ণ বিনা খরচে চাঁদে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের যানে চড়ে ঐ চন্দ্রাভিযান হবে। —বিবিসি

টুইটারে এক ভিডিও বার্তায় ইয়াসাকু মায়েজাওয়া বলেন, ‘আমি চাই সব ধরনের মানুষ এই ভ্রমণে যোগ দিক। এই আনন্দকে মনের মতো করে ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ডিয়ার মুন’ নামের এই মিশনে স্পেসএক্সের যানটির ২০২৩ সালে পৃথিবী ছাড়ার কথা রয়েছে। এই যাত্রায় যারা ইতিহাসের অংশ হতে চান তাদের দুটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হচ্ছে—‘অন্য মানুষ এবং কোনো না কোনোভাবে বৃহত্তর সমাজের সহযোগিতা হচ্ছে’ তাদের এমন কর্মকাণ্ডকে অগ্রসর করতে হবে এবং একই আকাঙ্ক্ষাধারী অন্য ক্রু সদস্যদের সহযোগিতার ইচ্ছা থাকতে হবে।

তিনি বলেন, ‘আমি সব আসন কিনে নিয়েছি, এ কারণে এটি হতে যাচ্ছে পুরোপুরি প্রাইভেট যাত্রা’। ফ্যাশন মোগল ও শিল্প সংগ্রাহক মায়েজাওয়া এর আগে বলেছিলেন, স্টারশিপ রকেটে করে মহাকাশযাত্রায় তিনি তার সঙ্গী হিসেবে আট ‘শিল্পীকে’ আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন। অবশ্য এখন তিনি বলছেন, তার প্রকল্প ‘বিশ্বের বিভিন্ন অংশের মানুষকে এ যাত্রায় যোগ দেওয়ার সুযোগ করে দেবে’।

গত বছর তিনি মহাকাশযাত্রায় তার সঙ্গী হতে নতুন গার্লফ্রেন্ডের খোঁজে একটি প্রামাণ্যচিত্রের কাজও শুরু করেছিলেন; পরে অবশ্য ‘মিশ্র অনুভূতিকে কারণ দেখিয়ে ঐ প্রকল্পটি বাতিল করে দেন তিনি।

ইত্তেফাক/ইউবি