রংপুর মহানগরীর বিসিক শিল্প নগরীর নাইম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ফলে মিলের গোডাউনে থাকা পাট পুড়ে গেছে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার শ্রমিকরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে কারখানার মেশিনের ঘর্ষণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে গোডাউনে থাকা পাটের গাদায় আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিক ও আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক শহিদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
আরও পড়ুনঃ ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল চতুর্থ শ্রেণির ছাত্রী
ক্ষয়ক্ষতির পরিমাণ এ খবর লেখা পর্যন্ত নিরূপণ করা যায়নি। তবে গোডাউনে থাকা কিছু পাট পুড়ে গেছে এবং আগুন নেভাতে গিয়ে কিছু পাট পানিতে ভিজে গেছে।
ইত্তেফাক/নূহু