হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে ঝলসে গেছে দুই বোনের শরীর। শুক্রবার তাদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে হাবিবা আক্তার (২০) বৃহস্পতিবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোররাতে কে বা কারা ঘরের জানালার গ্রিল ভেঙ্গে তার উপর দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হাবিবা আক্তারের মুখ ঝলসে যায়। দাহ্য পদার্থে হাবিবার পাশে ঘুমিয়ে থাকা তার ছোট বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের হাত ও শরীরের কিছু অংশ ঝলসে যায়।
এ সময় তারা চিৎকার শুরু করলে পরিবারের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামার্শ দেন।
সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুর রহমান সোহাগ জানান, ‘এটি এসিড কি না তা সঠিক করে বলা যাচ্ছে না। তবে তা দাহ্য পদার্থ। পরীক্ষা না করে সঠিক বলা যাবে না এটি কি পদার্থ ছিল। একটি মেয়ের মুখের প্রায় ৮০ শতাংশ ঝলসে গেছে। ছোট মেয়েটির হাতে কিছু অংশ ঝলসেছে। তাদেরকে সিলেট প্রেরণ করা হয়েছে।’
আরও পড়ুনঃ রংপুরে বিসিক শিল্প নগরীর নাইম জুট মিলে অগ্নিকাণ্ড
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, ‘বিষয়টি শোনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু