তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তরুণদের শারিরীক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজকর্মে যুক্ত রাখতে হবে।
শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার খেলাধুলা বান্ধব। তিনি নিজেও একজন খেলাধুলা বান্ধব প্রধানমন্ত্রী। তাঁর হাত ধরেই বাংলাদেশ ক্রিকেটে টেস্ট মর্যাদা পেয়েছে। আমাদের মেয়েরা ভারতের মেয়েদের হারিয়ে দিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের যুব ক্রিকেট টিম বিশ্বকাপে জয় লাভ করে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকার খেলাধুলা বান্ধব সরকার বিধায়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি সাঈদ মোহাম্মদ রনি ও সদস্য আদেল সাদিক মাহমুদ, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সুখবিলাস ফিসারিজ এন্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, চান্দগাঁও শান্তিময় বিহারের অধ্যক্ষ বোধিশ্রী ভিক্ষু প্রমুখ।
ইত্তেফাক/এনএ