বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম পরান চাকমা (২৮)। তিনি করেঙ্গাতলীর দেবরাজ চাকমার ছেলে। আহত ব্যক্তি হলেন তনয় চাকমা (১৮) তিনি করেঙ্গতলীর নুরেশ চাকমার ছেলে।

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট সাজেক সড়কের ২নং কালবার্ট নামক এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘাইহাট থেকে মাচালংয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা জিপ গাড়ি (চাঁদের গাড়ি) (চট্টগ্রাম ন-২১৪) ২নং কালভার্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যাত্রীবাহী মোটরসাইকেল (রাঙ্গামাটি হ-১১২০৩৪) বেপরোয়া গতিতে এসে জিপ গাড়ির (চাঁদের গাড়ি) সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বাঘাইহাট জিপ সমিতির লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরান চাকমার মৃত্যু হয়। মারাত্মক আহত তনয় চাকমা চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৩

এ বিষয়ে সাজেক থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জিপ গাড়ি ও মোটর সাইকেল দুইটি পুলিশ হেফাজতে আছে বলে জানিয়েছেন তিনি।

ইত্তেফাক/নূহু