আবারো নতুন গানের প্রস্তুতি

বিনোদন রিপোর্ট

 

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তবে জনপ্রিয়তা শুধু দেশেই থেমে নেই। কলকাতাতেও জনপ্রিয়তা রয়েছে তার। তাই এবার নতুন বছরের শুরুটা কলকাতাতেই কেটেছে এই নায়িকার। সম্প্রতি দেশে ফিরে আবারো শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ফারিয়া। ‘শাহেনশাহ’ ছবির গানের শুটিং করছেন তিনি। জানা যায় ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। বছরের শুরুতেই শাকিব খানে বিপরীতে বিগ বাজেটের এই ছবিটি দিয়ে এ বছরে ছবি মুক্তির হালখাতা খুলতে যাচ্ছে তার। তবে শুধু ছবি নয়। এ বছর আবারো নতুন গান নিয়ে আসছেন জনপ্রিয় এই নায়িকা। এখনো চূড়ান্ত কিছু না হলেও প্রস্তুতি চলছে। বেশ বড় পরিসরে মিউজিক ভিডিওর মধ্য দিয়ে গানটি ভক্তদের কাছে পৌঁছাবেন ফারিয়া। এই কাজটি মুম্বাই থেকে করা হবে বলে জানা যায়। এর আগে ‘পটাকা’ শিরোনামে একটি গান দিয়ে বেশ আলোচনায় আসেন তিনি।

অন্যদিকে নতুন আরো কয়েকটি ছবির কথা চলছে ফারিয়ার। তবে এখন পর্যন্ত কোনোকিছু চূড়ান্ত হয়নি। সবঠিক থাকলে এই বছরটায় নতুনভাবে দেখা যাবে ফারিয়াকে।